মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে জানানো হয়েছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে।
সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে প্রসিকিউশন।গত বছর এর ৫ই আগস্ট এর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনার তথা আওয়ামী সরকারের পতনের দিন সাভার উপজেলার আশুলিয়ায় ঘটানো হয় এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পুলিশের গুলিতে নিহত ৬ জনের রক্তাক্ত মৃতদেহ গাড়িতে উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ।
তদন্ত সংস্থা তথ্যমতে, নিহতদের একজন তখনও জীবিত ছিলেন। তাকেও জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হয়। সেই বিভীষিকাময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র নিন্দা ও সমালোচনা । এ ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্ত যখন শেষ পর্যায়ে দিকে সে সময়ই তদন্ত সংস্থা হাতে পায় নতুন ভিডিও ফুটেজ,ফুটেজে দেখা যায়, লাশ পোড়ানোর আগে ছয়জনকে গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, নতুন পাওয়া ফুটেজে দেখা যায় হত্যার পর লাশ গাড়িতে তুলে আগুন দেওয়া হয়। এর ভিত্তিতে দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকিদের শনাক্তের কাজও চলছে। তিনি আরও জানান, আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

