বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৩০ নং মাঝিনা নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। রবিবার (১০ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয় সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টা বা সাড়ে ১১টা পর্যন্ত প্রধান শিক্ষক উপস্থিতি থাকে না। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ে ইংরেজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়মিত হয় না। নতুন বই বিতরণ, টিকা কার্যক্রম ও অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও করেন তারা। অভিভাবকদের দাবি, বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
মানববন্ধনে কয়েকজন অভিভাবক বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করেন। তিনি প্রায়ই অপমানজনক ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তারা। এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুলভীতি তৈরি হয়েছে।
এছাড়া সরকার প্রদত্ত টিফিন কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের টিফিন নিয়ে কটূক্তি করা হয় এবং এতে অনেক শিশু স্কুলে আসতে অনাগ্রহী হয়ে পড়ছে স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের ফলজ গাছের ফল শিক্ষার্থীদের না দিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের অপসারণ দাবি করেন। তারা তিন সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

