ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা
মো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫×১২ বর্গফুট আয়তনের একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

