রায়পুরে মাদক বিক্রিতে বাধা; সাগর নামে ১ যুবককে কুপিয়ে হত্যা
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষ্মীপুর )প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া টাইলস মিস্ত্রি সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৮ দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাগর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হালিমা মাদ্রাসা মসজিদের পাশে মঞ্জু ভিলার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মমিনপুর গ্রামে। পরিবারে স্ত্রী জান্নাত আক্তার, পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র ছেলে রাছেল এবং প্লে-শ্রেণির শিক্ষার্থী মেয়ে ইকরা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় , গত ১৩ জুন ২০২৬ দুপুর আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেনায়েতপুর এলাকার ফরিদ এক্স ক্লিনিক গলিতে এ ঘটনা ঘটে। মাদক কেনাবেচা নিয়ে হোটেল ব্যবসায়ী মো. নুরুল আমীন (৪৫) ও মো. সাগর (৩২)-এর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।
এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে সাগর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রায় ১৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ১০.০০ তার মৃত্যু হয়।
সাগরের মৃত্যুর খবরে আবারও রায়পুরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মো. নুরুল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার হোটেলে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার পর নিহত সাগরের শাশুড়ি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে ।

