দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে কৃষক-ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ জুন ২০২৬) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে হাওরসহ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর ও বর্গাচাষীদের আপদকালীন সহায়তা প্রদান, কৃষি ঋণ মওকুফ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ প্রদান, খুন-ধর্ষণ বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
এসময় ক্ষেতমজুর সমিতির সহকারি সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

