হৃদয় আহমেদ,ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টুংরাপাড়া গ্রামের বাসিন্দা মিলন মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তার ইভা (১৯) গফরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, একই এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে ইভাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রায় ১০ দিন আগে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও ইভা তাতে সম্মতি না দিলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুন সকাল আনুমানিক ১১টার দিকে প্র্যাকটিক্যাল খাতা কেনার উদ্দেশ্যে ভালুকা বাজারে যাওয়ার পথে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরাস্তা মোড় এলাকায় গণেশ লাইব্রেরির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা ইভাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরিবারের দাবি, অপহরণের পর ইভা তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাবাকে কল করে ‘ঝামেলায় আছে’ বলে সংক্ষিপ্তভাবে জানিয়ে ফোন কেটে দেয়। পরে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের স্বজনদের কাছে ইভাকে ফেরত চাওয়া হলে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আত্মীয়-স্বজনদের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

