মো: আরিফুল ইসলাম,নাটোর: নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটি তার নানির সঙ্গে মাঠে ঘাস কাটতে যায়। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে একই এলাকার আব্বাস আলীর ছেলে ও পেশায় ফুসকা বিক্রেতা শরিফুল ইসলাম তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বুধবার বিকেলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা শরিফুলের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অবুঝ শিশুর ওপর এমন নৃশংস নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।পুলিশ জানিয়েছে, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

