ইবি প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি এর ২০২৫-২০২৬ সেশনের জন্য ৬ মাস মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লোকমান শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএসআই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা বিনতে ইকবাল।
শুক্রবার (১৫ মে) সংগঠনটির উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহিদুর রহমান এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের আব্দুল্লাহ আল কাইয়ুম ফারাবী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ইয়াস রোহান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-কুরআন বিভাগের শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে বাংলা বিভাগের মানিকুল ইসলাম মানিক, অর্থ সম্পাদক হিসেবে আল-ফিকহ বিভাগের শাহারিয়ার কবির শুদ্ধ এবং প্রচার সম্পাদক হিসেবে সাংবাদিকতা বিভাগের সুবংকর রায় (শুভ) দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিসা বিনতে ইকবাল বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্ববোধেরও। জেলা কল্যাণ সমিতি আমাদের পারস্পরিক সহযোগিতা, পরিচয় ও বন্ধনের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত, কার্যকর ও অংশগ্রহণমূলক করতে কাজ করে যাব।”
সভাপতি লোকমান শাকিল বলেন, “উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সকলের মধ্যে দৃঢ় বন্ধন সৃষ্টি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে আমরা কাজ করব।”

