তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে – ডেপুটি স্পীকার
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ করেছেন| আজ (সোমবার) সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়|
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কূশল বিনিময় করেন| তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা| বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন| সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানা দলিল সংরক্ষিত রয়েছে| দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে্য বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে| সে লক্ষ্যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে, ভালো রিজাল্ট করতে হবে সেইসাথে দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তত করতে হবে|
এ সময় ডেপুটি স্পীকার জানান, ইনশাআল্লাহ, কলেজের হোস্টেল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে| তিনি কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন|
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি| এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষকসংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে|
সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পীকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন| তারা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি অফিস এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন|

