মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নে, ভগ্নীপতি এবং চাচাতো ভাইসহ মোট ৬ জন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।গ্রেফতারকৃতরা হলেন—নিহত হাবিবুর রহমানের ভাগ্নে সবুজ রানা, ভগ্নীপতি শহীদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মন্ডল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহতের বাবা নমির উদ্দিন তার ছেলেকে ১৩ বিঘা জমি এবং ৫ মেয়ের প্রত্যেককে ১০ কাঠা করে জমি লিখে দেন। এই অসম বন্টন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। হত্যার দুই দিন আগে তারা কিলিং মিশনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ভাগ্নে সবুজ রানা আগে থেকেই নিহতের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাত ১১টার দিকে সবুজ বাড়ির দরজা খুলে দিলে শহীদুল ও শাহিনসহ ৫ জন ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে হাবিবুর রহমানকে এবং পরে তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। রাত ১১টা থেকে ১টার মধ্যে এই পুরো হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পর সন্দেহভাজন ৫ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে সবুজ রানা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যে শাহিনের বাড়ির পাশের ঝোপ থেকে একটি হাসুয়া এবং বুধবার দুপুরে পুকুর সেচে একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

