নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন। শুক্রবার সকালে উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাই আশরাফুল ইসলাম ও বাবুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বাবু ধারালো বটি দিয়ে তার বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা ফুলনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার গভীর রাতে ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে।
ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

