মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামাল সরদার (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পণ্যবোঝাই দুটি ট্রাক মহাসড়কে চলাচলের সময় ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাবনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৭৯৭) কে পেছন থেকে জোরে ধাক্কা দেয় খুলনাগামী অপর একটি ট্রাক (যশোর-ন-১১-১২২৮)। এতে খুলনাগামী ট্রাকটির হেলপার জামাল সরদার ঘটনাস্থলেই মারা যান।
নিহত জামাল সরদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার নুরুল্লাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরও দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন ঘটনার পর বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা শনাক্ত করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

