জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে সম্পত্তি লিখে নিয়ে এক বৃদ্ধা চাচিকে ঘর থেকে বের করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে সম্পত্তি লিখে নিয়ে এক বৃদ্ধা চাচিকে ঘর থেকে বের করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে।
নিঃসন্তান হওয়ায় সালিমা বেওয়া ও তার স্বামী ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সহায়-সম্পত্তি ভাতিজা আলিমুদ্দিনের নামে লিখে দেন জমি লিখে দেওয়ার আগে আলিমুদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি তার চাচিকে নিজের মায়ের মতো যত্ন করবেন এবং আমৃত্যু ভরণপোষণ দেবেন।
জমি হস্তান্তরের পরেই আলিমুদ্দিন তার আসল রূপ ধারণ করেন। তিনি চাচির সমস্ত সেবা-যত্ন বন্ধ করে তাকে ঘর থেকে বের করে দেন বর্তমানে সালিমা বেওয়া একটি জরাজীর্ণ কুঁড়েঘরে মানবেতর জীবন যাপন করছেন এবং মানুষের কাছে চেয়ে খেয়ে দিনাতিপাত করছেন। অন্যদিকে, চাচির দেওয়া সম্পত্তিতে আলিমুদ্দিন বিলাসবহুল পাকাবাড়ি বানিয়ে বসবাস করছেন।
এই চরম অমানবিক ও ‘মির্জাফরী’ কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। বৃদ্ধা সালিমা বেওয়া তার এই অসহায়ত্বের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।

