মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তারা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলাম। অপরদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামি বাংলাদেশের প্রার্থী রফিকুল ইসলাম,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রার্থী নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন
বাংলাদেশের প্রার্থী মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

