যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে : আদিলুর রহমান খান
মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, সরকার দেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে
সর্বোচ্চ চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা
করতে পারে, তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের প্রতিটি নাগরিকই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে এবং সরকারকে সহযোগিতা করবে।এর আগে উপদেষ্টা মাদারীপুরে মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুনের কবর জিয়ারত করেছেন। পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উপদেষ্টা বলেন, সরকার নিয়মিত বিভিন্ন জেলায় গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করছে এবং তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছে। দিনব্যাপী উপদেষ্টার সফরের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, জেলা শিল্পকলাএকাডেমি পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটিসহ বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

