নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার গহেলাপুর এলাকার বরগাছা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে পুলিশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়ানো হয়েছিল বলে ধারণা করছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ রায়হান।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ মিডিয়া সেলে পাঠানো বার্তায় ওসি রায়হান জানান—সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ম্যানেজার ও কর্মীদের সঙ্গে কথা বলেন। তদন্তে জানা যায়, ব্যাংক থেকে প্রায় ১০০ মিটার দূরে রাস্তার পাশে একটি ছেঁড়া চটের বস্তায় সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল। সেই ঘটনাকেই ভুলভাবে বা ইচ্ছাকৃতভাবে ‘ব্যাংকে আগুন’ হিসেবে প্রচার করা হয়।
ব্যাংক ম্যানেজার মো. লোটাস হোসেন নিশ্চিত করেছেন—শাখায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি; পরিবেশ স্বাভাবিক রয়েছে। শুধু রাস্তার পাশে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনাই বিতর্কের জন্ম দিয়েছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন—ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকতে হবে।

