মোঃ সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Handwashing Hero!) প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সহযোগিতা করেছে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি)।
শাহজাদপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।র্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ কামরুজ্জামান।আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী হারুন অর রশিদ, (এলজিইডি), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল কালাম আজাদ, পৌরসভা প্রধান সহকারী মোঃ আব্দুর রহমান, হিসাব রক্ষক মোঃ আনিসুর রহমান, প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচেতন ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারব। আগামী প্রজন্মের জন্য আজ থেকেই আমাদের স্বাস্থ্য সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।অনুষ্ঠানে বক্তারা হাত ধোয়ার উপকারিতা, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, এবং জনস্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।

