মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সজিব খন্দকার (৩৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এবং সেনাবাহিনী।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনী এলাকায় পরিকল্পিত অভিযান চালানো হয়। এ সময় সজিব খন্দকারকে সফলভাবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজিব খন্দকারের বিরুদ্ধে জিআর নং-৩০৮/১৯ কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ ক ধারায় সাজা পরোয়ানা রয়েছে। এছাড়া কোতয়ালী থানায় আরও চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব খন্দকার স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

