মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর প্রতিনিধি:শাহজাদপুরে গত পাঁচ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে তালবীজ বপন করে আসছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজ প্রাঙ্গণে তালবীজ বপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, মো. জাহাঙ্গীর আলম, মো. রফিক আবু সালেহ, সাংবাদিক মো. সবুজ হোসেন রাজা (সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটি), সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ যে উদ্যোগ নিয়ে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ধারে তালবীজ বপন করে আসছেন, তা এখন দৃশ্যমান। তার এই মহতী প্রচেষ্টা পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন সহায়ক হবে, তেমনি মানুষের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাল একটি পরিবেশবান্ধব গাছ। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস থেকে এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. কামরুজ্জামান বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ দীর্ঘদিন ধরে শাহজাদপুরে তালবীজ বপন করছেন, যা ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ধারে দৃশ্যমান। তালগাছ পরিবেশবান্ধব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্যও এ গাছ বিশেষ উপকারী হবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তার এই মহতী কাজে পাশে থাকবো। একইসাথে এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তালবীজ বপনের উদ্যোক্তা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গত পাঁচ বছরে আমি শাহজাদপুরে ৬০ হাজারের বেশি তালবীজ বপন করেছি। এর মধ্যে প্রায় ১৫ হাজার গাছ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে বেড়ে উঠছে। উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক বছরগুলোতে সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। তালগাছ বজ্রপাতে মৃত্যুহার কমাতে সহায়ক ভূমিকা রাখবে। একইসাথে পরিবেশ রক্ষায় এবং পুষ্টিগুণে ভরপুর এই ফল মানুষের শারীরিক উপকারেও আসবে। এ বছর নতুন করে আরও ১০ হাজার তালবীজ বপনের প্রত্যয় নিয়ে এই কার্যক্রম শুরু করেছি।

