আশিকুর রহমান, নরসিংদী : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের কোন কারণ নেই। আর এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না
এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ন প্রস্তুত। এসময় ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

