ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের লাশের ঘটনায় জড়িত ক্লুলেস হত্যাকাণ্ডের একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতার ধারাবাহিকতায় বুধবার (১৯ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রূপগঞ্জের উত্তর মোগরাকুল তারাব এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল ইসলাম (৪০), পিতা মোহাম্মদ আলী, সাং-বরাবো কামাল নগর, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশ থেকে রক্তাক্ত অবস্থায় রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে এবং তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১-এর একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাব।
র্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঞ্চল্যকর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সক্রিয় ভূমিকা রেখে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যবধি র্যাব-১১ বিভিন্ন অভিযানে মোট ১৩৯ জন হত্যা মামলার আসামি, ৫৭ জন ধর্ষণ মামলার আসামি, ৩১৬ জন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে প্রায় ৩১৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ৯১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১২৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১১ নিশ্চিত করেছে।

