সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলায় ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ১ বছরে ২৬১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে নেত্রকোনায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বেশিরভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যু।
সচেতন বিশ্লেষকদের মতে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের চেয়েও অনেক বেশি। কারণ অনেক সময় নিভৃতপল্লী এলাকায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেলে পুলিশি হয়রানী কিংবা ময়না তদন্তে কাঁটা ছেড়ার ভয়ে প্রশাসনকে না জানিয়ে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করায় সরকারি হিসেবে নথিভূক্ত হয় না।
নেত্রকোনা সদর হাসপাতাল সূত্র মতে আরো জানা যায়, নেত্রকোনা জেলায় ২০২১ সালের জানুয়ারি মাসে ১১টি, ফেব্রুয়ারি মাসে ১২টি, মার্চ মাসে ২৮টি, এপ্রিল মাসে ২১টি, মে মাসে ২৫টি, জুন মাসে ২৩টি, জুলাই মাসে ২৭টি, আগস্ট মাসে ২৯টি, সেপ্টেম্বর মাসে ৩০টি, আক্টোবর মাসে ১৬টি, নভেম্বর মাসে ২০টি ও ডিসেম্বর মাসে ১৯টিসহ মোট ২৬১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষ, জেলা পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সব ধরণের যানবাহন চালকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়ি চালক তৈরী করার পাশাপাশি রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় সেসব নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে তার জন্য ট্রাফিক বিভাগকে আরো সততা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
নেত্রকোণা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন বলেন, ‘আমরা বাস ট্রাক চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ চালক হেলপার ও পথচারীদেরকে স্ব স্ব স্থান থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।
নেত্রকোনা সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, আমরা একটু সচেতন হলেই কিন্তু বেচে যায় হাজার মানুষের জীবন, নেত্রকোনায় প্রতিদিনেই দেখা যায় কোনো না কোনো স্হানে সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে আমাদের একটু সচেতনতার কারণে। শুধু তাই নয় আত্মহত্যা ও হত্যার মতো ঘটনা ও নেত্রকোনার কোনো না কোনো স্হানে প্রতিদিনেই ঘটেই চলেছে আমাদের সচেতনতার অভাবে।
নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ আইন বাস্তবায়নে আমরা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। এছাড়াও পুলিশ বিভাগের পক্ষ থেকে সড়ক দুঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালক, হেলপার ও পথচারীদের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো
হচ্ছে। পুলিশ বিভাগ সড়ক দুর্ঘটনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
এবিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান বলেন, আর যেন একটি ও প্রাণ সড়কে অথবা আত্মহত্যা করে না ঝড়ে, সড়কে এবং আত্মহত্যা মতো দূর্ঘটনা আর না ঘটে সে ব্যাপারে সকলেই নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হওয়া দরকার। তিনি আরোও বলেন, আমাদের একটি বিষয়ে সবসময়ই সচেতন থাকতে হবে কারণ একটি দূর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না।

