টিভি চ্যানেলের টিআরপির নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি
মানসম্মত, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক ব্যবস্থায় টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারনে নিয়মাবলী সহ প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গতকাল রোববার প্রজ্ঞাপনটি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০ এপ্রিল থেকে কার্যকর হবে এ প্রজ্ঞাপনটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রযুক্তিগত সহায়তায় ও অংশীজনদের নিয়ে গড়া কমিটির মনিটরিংয়ে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিআরপি নির্ধারণ প্রক্রিয়া পরিচালিত হবে। নির্দিষ্ট মেয়াদে দেশের টিভি চ্যানেলগুলোর টিআরপি নির্ধারন কার্যক্রম পরিচালনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দরখাস্ত আহ্বান করবে। দেশি ও দেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান, যাদের এদেশে অফিস রয়েছে, তারা মন্ত্রণালয়ের সচিবের কাছে ফেরতযোগ্য ১০ লাখ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ এই আবেদন করতে পারবে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে এতদিন ধরে টিআরপি নির্ধারণের কাজটি করে আসছিল দু-একটি প্রতিষ্ঠান। তাদের কাজে সন্তুষ্ট নন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো।

