জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি সূত্র জানায়, নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের সব জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপকে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
লটারিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) নতুন করে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন। খুব শিগগিরই তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তকে নির্বাচন পর্যবেক্ষক, নাগরিক সমাজ ও সাধারণ ভোটাররা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ ও আস্থার জায়গা তৈরি হবে।
নতুন এসপিরা যোগদান করার পর প্রতিটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

