মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলা সাহিত্যের অধ্যাপক, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।
দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এই গুণী শিক্ষাবিদ। মূলত রবীন্দ্র গবেষক হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। পাশাপাশি রচনা করেছেন অসংখ্য কবিতা, গবেষণাপত্র ও প্রবন্ধ গ্রন্থ। আজীবন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় প্রফেসর নাছিমউদ্দিন মালিথা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন।
তাঁর স্মরণে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। আলোচনায় অংশ নেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও মরহুমের দৌহিত্র সাদিত বিহঙ্গ মালিথা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম, সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল, জামিড়তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব শিবলী মাহবুব, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরওয়ার্দি আজাদ ও মাহবুবুর রহমান, হাজী মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবি নেওয়াজ, শাহজাদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম এবং মশিপুর সরিষাকৈল ফাজিল মাদ্রাসার প্রভাষক আশরাফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থী আদিব শাফায়েত আব্দুল্লাহ প্রমুখ।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আবু জাফর।
পরে পরিবারের পক্ষ থেকে বাদ আসর শাহজাদপুর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাহ ময়দানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি তাঁর জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মালিথা বাড়ি জামে মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

