শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বিরোধের অবসান; আলোচনার মাধ্যমে আপোষ-মীমাংসা
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর এক শিক্ষার্থী ও স্থানীয় এক ব্যক্তির মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির জেরে ঘটে যাওয়া ঘটনার শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানায় বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মুবাশশীরুল ইসলাম মুনিমের সঙ্গে শাহজাদপুর উপজেলার ইসলামপুর রামবাড়ী এলাকার বাসিন্দা মোঃ মশিউর রহমান অপুর গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে রামবাড়ী গ্রামের নববী জামে মসজিদের পার্শ্বে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয় এবং মুনিম আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে অভিযুক্তকে শাহজাদপুর থানায় আটক করা হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে থানার অফিসার ইনচার্জের কক্ষে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, প্রক্টরিয়াল বডি, স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর আপোষ-মীমাংসা সম্পন্ন হয়। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পরেই ব্যস্ততার মাঝেও বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব এবং সুশীল সমাজের প্রতিনিধি আমির হোসেন সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য নজরুল ইসলাম, প্রশান্ত পোদ্দার ও শুভ স্যার এবং ছাত্র প্রতিনিধি পিয়াস উদ্দিন, হৃদয় সরকার, মাহফুজ আলম সমুদ্র ও মেহেদী হাসান আবিদ। বৈঠকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব এবং সুশীল সমাজের প্রতিনিধি আমির হোসেন সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা ও মেলামেশা স্বাভাবিক বিষয়; তবে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয়দেরও ভালোবাসা ও গর্বের প্রতিষ্ঠান। তাই উভয় পক্ষের উচিত পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখা। আপোষের শর্তাবলি হলো: ১. দ্বিতীয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি করবে না, এ মর্মে অঙ্গীকার করে। ২. ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামে বিবাদ মীমাংসার গুরুত্ব প্রসঙ্গে পবিত্র কুরআনের সুরা আল-হুজুরাত (৪৯:১০)-এর আয়াতে বলা হয়েছে: “নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই; সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও।” সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

