মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। পরদিন বৃহস্পতিবার সকালে দুলাল প্রামানিক শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী জানান, চুরির ঘটনার পর আমরা বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ করতে থাকি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোর চক্রটি চুরি করা গরুগুলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাট এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো আব্দুস ছামাদ (৫৬), আবু তাহের (৪২) ও আমিরুল ইসলাম (৪০)। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় বলে জানা গেছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি আছলাম আলী।
অন্যদিকে, প্রায় ৮ লাখ টাকামূল্যের চারটি গরু ফিরে পেয়ে মালিক দুলাল প্রামানিক আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

