মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ৬টি ফিলিং স্টেশনে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে জ্বালানি তেলের পরিমাপে কোনো অনিয়ম পাওয়া যায়নি। পাশাপাশি তেলের মান যাচাইয়ের জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানে ক্যালিব্রেশনের মেয়াদ নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এবং পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোর (খুলনা) প্রতিনিধিদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হেলিপোর্ট এলাকার মেসার্স জোবাইদা ফিলিং স্টেশন, পুরাতন বাসস্ট্যান্ডের মেসার্স ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, মেসার্স প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, বাখুণ্ডা এলাকার মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, মুন্সীবাজারের মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন এবং ধুলধী রেলগেট এলাকার মেসার্স তানিয়া ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
পরিদর্শনে প্রতিটি প্রতিষ্ঠানের ডিজেল, পেট্রোল ও অকটেন ডিসপেনসিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তেলের গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, মিনিবাস ফিলিং স্টেশন, ইউনাইটেড ফিলিং স্টেশন এবং তানিয়া ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী। এ সময় পদ্মা অয়েল লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি এবং যমুনা অয়েল লিমিটেডের খুলনা ডিপোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

