কানাইপুর বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ পরিচালনা করেছে পূবালী ব্যাংক পিএলসি, কানাইপুর শাখা।
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক সাইফুল ইসলাম কামাল, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. লিয়াকত মাতুব্বর, সাধারণ সম্পাদক তুষার খানসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কানাইপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুখালী শাখার ব্যবস্থাপক আইরিন পারভীন, বোয়ালমারী শাখার ব্যবস্থাপক সমীর কুমার সাহা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের কিউআর (QR) কোডের মাধ্যমে মূল্য পরিশোধ, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার এবং নিরাপদ ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তারা দেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতির বিকাশে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

