পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত আরো একজন মারা গেছেন। টানা ১৪ দিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর সকালে রক্তিম সুশীলের মৃত্যু হয়। এ নিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গেলেন ৬ ভাই।
গত ৮ ফেব্রুয়ারি, চকরিয়ার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মারা যান পাঁচ ভাই অনুপম, নিরুপম, দীপক, চম্পক ও স্মরণ। আরো আহত হন রক্তিম, ভাই প্লাবন ও বোন হীরা। এর মধ্যে আজ ভাই রক্তিমও অপর পাঁচ ভাইয়ের পথ অনুসরন করলেন।
রক্তিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক আইসিইউর চিকিৎসক অঞ্জন জানান, তিনি মাল্টিপল ট্রমায় ভুগছিলেন। মাথা, হাত, পা ও পাঁজরে আঘাত ছিল। লাইফ সাপোর্টে ছিলেন। আজ মারা গেছেন।
রক্তিমেরা মোট নয় ভাইবোন, এর মধ্যে আট ভাই ও এক বোন। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এই ৯ ভাইবোন বাড়িতে সমবেত হয়েছিলেন। সেখানকার একটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে একসঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় ৮ ফেব্রুয়ারি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। হাসপাতালে মারা যান আরো দুইজন।
এর বছর দুয়েক আগে অপর এক ভাই অসুস্থ হয়ে মারা যান। সবার ছোট প্লাবন এবার এইচএসসি পাস করেছেন। তিনি ওই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন। হাসপাতাল থেকে প্লাবন বাড়ি ফিরেছেন।

