মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ নং পোরজনা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পোরজনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে কার্ডধারী সকল পরিবারের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এই কার্যক্রমটি বাস্তবায়ন করে পোরজনা ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শাহজাদপুর।
এ সময় উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাসফিকা হোসেন। তিনি বলেন, পবিত্র ঈদের সময় যেন কেউ অনাহারে না থাকে এবং কারও মুখে হতাশা না থাকে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি, যেন যথাসময়ে এবং সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়া যায়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পোরজনা ইউনিয়নের প্রশাসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, ট্যাগ অফিসার মমিনুল হক, মেম্বার মোঃ হাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগমুহূর্তে এমন সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

