কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর :লক্ষ্মীপুরের কমলনগর থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রায়হান (২০)-কে নোয়াখালীর সেনবাগ থানার বিজবাগ ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, চলতি বছরের ২৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলাটি কমলনগর থানায় রুজু করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি রায়হান পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ গত কয়েকদিন ধরে নিবিড় গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।
এজাহারে উল্লেখ রয়েছে, ভিকটিম প্রায় দুই থেকে তিন মাস ধরে প্রতিবেশী এক নারীর (এজাহারনামীয় ২ নম্বর আসামি) বাড়িতে ঘুমাত। ওই নারীর স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় তার অনুরোধে ভিকটিম সেখানে রাত যাপন করত। ঘটনার দুই-তিন দিন আগে থেকে প্রধান আসামি রায়হান ও ২ নম্বর আসামির মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ চলছিল এবং ওই নারীকে প্রভাবিত করে ভিকটিমকে ধর্ষণের পরিকল্পনা করা হয়।
গত ২৭ অক্টোবর রাতে ভিকটিম প্রতিদিনের মতো ওই নারীর ঘরে ঘুমাতে গেলে প্রধান আসামি রায়হান সেখানে ওঁত পেতে থাকে। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ভিকটিম টয়লেটে যাওয়ার সময় রায়হান তার মুখ চেপে ধরে পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করলে র্যাব ও পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যায় সেনবাগের বালিয়াকান্দি এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃত রায়হান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরঠিকা আশ্রয়ন কলোনীর বাসিন্দা। তার বয়স ২০ বছর।
আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কমলনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

