নবীগঞ্জে মোবাইল কোর্টে সরকারি খাস জমি দখলমুক্ত, ১.১৪ একর উদ্ধার
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হুসেনপুর মৌজার দুর্গাপুর গ্রামে পরিচালিত অভিযানে ১ নং খাস খতিয়ানভুক্ত ৬৯৭ নং দাগের সরকারি খাস গোপাট জমিতে অবৈধ দালান ও দোকানঘর নির্মাণের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্টের কার্যক্রমে উপজেলা সহকারী (ভূমি) প্রত্যয় হাসিম, স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পথচারীরা উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অস্থায়ী বাঁশের বেড়াও অপসারণ করা হয়।
অভিযানের মাধ্যমে ১.১৪ একর সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে ওই জমি ইনাতগঞ্জ ভুমি সহকারী কর্মকর্তার নিকট সরকারি জায়গা হিসেবে হস্তান্তর করা হয়েছে।
সহকারী (ভূমি) প্রত্যয় হাসিম জানান, “সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। সরকারি জমি দখলমুক্ত করার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

