নওগাঁ প্রতিনিধি:দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁয় জাতীয় পার্টির একটি সভা পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় দলটির জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ শহরের উপকিলপাড়া এলাকায় জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের বাসা ও কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে সভার উদ্দেশ্যে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান।
এরপর ছাত্র-জনতা অফিস কক্ষে প্রবেশ করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে ভাঙচুরকৃত মালামালে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারী রাজন, রাফি রেজোয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন,
“নওগাঁকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে জাতীয় পার্টি গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আমরা ছাত্র-জনতাসহ সেখানে উপস্থিত হয়ে সেই বৈঠকে বাধা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং তাদের সকল নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।”

