ইবি প্রতিনিধি:স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions Rankings (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় বাংলাদেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানা তৃতীয়বারের মতো চতুর্থ স্থান ধরে রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিমাগোর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থানে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব—এই তিন সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৪তম, ৪র্থ ও ১৯তম। তিনটি সূচকের সমন্বিত ফলাফলে বিশ্ববিদ্যালয়টির সার্বিক অবস্থান দেশে চতুর্থ। ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে এ তিন সূচকে অবস্থান ছিল যথাক্রমে ১৬তম, ৫ম ও ১৯তম। আর ২০২৪ সালে ছিল ১৬তম, ৪র্থ ও ১৭তম। ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে গবেষণা ও উদ্ভাবন খাতে উন্নতির ধারাবাহিকতা লক্ষ করা যাচ্ছে।
এবারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং (Scimago Institutions Rankings) হলো বিশ্বব্যাপী একাডেমিক ও গবেষণা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক মূল্যায়ন পদ্ধতি, যা স্পেনভিত্তিক গবেষণা সংস্থা সিমাগো ল্যাব ২০০৯ সাল থেকে প্রকাশ করে আসছে। এই র্যাঙ্কিং প্রণয়নে আন্তর্জাতিক তথ্যভান্ডার স্কোপাস-এর উপাত্ত ব্যবহার করা হয় এবং তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়: গবেষণা (৫০%), যেখানে গবেষণার পরিমাণ, মান ও আন্তর্জাতিক সহযোগিতা বিবেচিত হয়; উদ্ভাবন (৩০%), যেখানে গবেষণাপত্রের পেটেন্টে উদ্ধৃতি ও উদ্ভাবনী প্রভাব বিশ্লেষণ করা হয়; এবং সামাজিক প্রভাব (২০%), যেখানে ওয়েব দৃশ্যমানতা, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এ অবদান পর্যালোচনা করা হয়।

