ইবি প্রতিনিধি:দেশের নারীদের মধ্যে ছড়িয়ে পড়া মরণব্যাধি স্তন ও জরায়ু-মুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক ক্যাম্পেইন পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন’ (ক্যাপ)।
শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে সক্রিয়ভাব অংশগ্রহণ করেন শামীম রেজা, নাহিদ, সাব্বির, শেখ তাজিম, নুর আলম, তাহরীম কবীর, রাতুল, মেহেদী হাসান, আরমান তুহিন, প্রিয়া রানী মন্ডল, উম্মে হাবিবা মিম এবং কানিজ ফাতেমা প্রমূখ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের মাঝে ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি মৌখিকভাবেও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। অভিভাবকরাও আগ্রহের সঙ্গে এ উদ্যোগকে স্বাগত জানান।
সংগঠনটি জানায়, প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার নারী স্তন ও জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। সঠিক তথ্যের অভাব ও সামাজিক সংকোচের কারণে অনেকেই প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকেন। এ প্রেক্ষাপটে বড় জনসমাগমকে কাজে লাগিয়ে সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য।
‘ক্যাপ’-এর পক্ষ থেকে আরও জানানো হয়, তৃণমূল থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল উদ্দেশ্য। সময়মতো রোগ শনাক্ত করা গেলে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এই বার্তাই তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায়।

