ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
মোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে জানা যায়, ওই স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, পরিবেশবিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

