কবির হোসেন রাকিব , কমলনগর প্রতিনিধি(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নে বিষ প্রয়োগে একটি গরু ও ১১টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে উপজেলার ৫ নং ওয়ার্ডের হাজী আব্দুর রব বাড়ির খামারি অলি আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত খামারি অলি আহমেদ জানান, তিনি অত্যন্ত দরিদ্র এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো রাতে গরু ও হাঁসগুলোকে গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন একটি গরু এবং ১১টি হাঁস মরে পড়ে আছে। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা খাবারে বিষ মিশিয়ে তার এই অবলা প্রাণীগুলোকে হত্যা করেছে।
অলি আহমেদ অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, “আমি একজন অসহায় মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে অনেক আশা করে গরুগুলো কিনেছিলাম। এর আগেও আমার দুটি গরু একইভাবে মারা গিয়েছিল, যেগুলোর বাজারমূল্য ছিল প্রায় ৪ লক্ষ টাকা। একের পর এক লোকসানে আমি এখন পুরোপুরি নিঃস্ব। এখন কীভাবে ব্যাংকের কিস্তি শোধ করব আর কীভাবে সংসার চালাব, তা ভেবে কোনো কূল পাচ্ছি না।”
স্থানীয়রা জানান, অলি আহমেদ অতি সাধারণ একজন খামারি। তার ওপর এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারি এখন প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সহযোগিতার আশায় দিন গুনছেন।

