রায়পুরে মারামারি থামাতে গিয়ে ঘুসিতে যুবদল নেতার মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটো চালকের মারামারি থামাতে গিয়ে ঘুসিতে যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(০৫ মার্চ)দুপুর ১:৩০ মিনিটের সময় রায়পুর মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির বাড়ির বাসিন্দা শাহ আলম ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বিএনপি নেতা বেলাল হোসেন মিশোরী
একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল। ঘটনার পর রায়পুর মেইন সড়কজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে নিহত বিএনপি নেতার মরদেহ নিয়ে এলাকাবাসী রায়পুর – চাঁদপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে।

