৪৮ বছর ইমামতি শেষে সম্মাননা ও আবেগঘন বিদায় পেলেন প্রবীণ আলেম
সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ৪৮ বছর ধরে একই মসজিদে ইমামতি ও মক্তব পরিচালনার দায়িত্ব পালন শেষে সম্মানজনক বিদায় পেয়েছেন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বশির উল্যাহ আমিন জামে মসজিদ-এর প্রবীণ ইমাম মাওলানা নুরুজ্জামান।
জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় ও দোয়া অনুষ্ঠান। আগে থেকেই ফুল দিয়ে সাজানো একটি গাড়ি প্রস্তুত রাখা হয়। নামাজ শেষে মুসল্লিরা তাকে ফুলের তোড়া, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।পরে ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে তাকে গাড়িতে তুলে দেওয়া হয়। উপস্থিত অনেকে গাড়িটি রাস্তা পর্যন্ত এগিয়ে দেন, কেউ কেউ বাড়ি পর্যন্ত সঙ্গ দেন। পথের দুই ধারে দাঁড়িয়ে শিশুরা ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানায় প্রিয় ইমামকে।স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করেছেন তিনি। পাশাপাশি মক্তবের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সীমিত পারিশ্রমিক ও নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালনে ছিলেন অবিচল।
বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তিনি দায়িত্ব থেকে অব্যাহতির ইচ্ছা প্রকাশ করলে মসজিদ কর্তৃপক্ষ তাকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেয়।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্রামের বহু পরিবারে তিন প্রজন্ম তার কাছে ধর্মীয় শিক্ষা নিয়েছেন। সামান্য পারিশ্রমিক পেলেও তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আয়োজকরা জানান, তার দীর্ঘ অবদানের তুলনায় এ আয়োজন সামান্য প্রয়াস মাত্র।বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা।
সম্মাননায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবীণ এই আলেম। তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে এমন ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া তার জন্য বড় প্রাপ্তি।

