ধোবাউড়ায় আওয়ামীলীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আবুল হাশেম, ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।শুক্রবার বিকালে কলসিন্দুর বাজারে এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন,“আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাড়িয়েছেন তারা কোনো ব্যক্তি নয় একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্টার অব্যাহত প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করেছেন।”তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা এনেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ সেই স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিএনপি ক্ষমতার রাজনীতি নয় মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন এতে এটাই প্রমাণ করে বিএনপিই জনগণের শেষ ভরসা।” “এই যোগদান কোনো সাময়িক ঘটনা নয়,এটি গণজোয়ারের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আবদুল আঊয়াল , নজরুল ইসলাম , শহীদুল ইসলাম , মিরাস উদ্দিন , জামায়াতে ইসলামী নেতা নূরজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন ।এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান ,সদস্য সচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার , বিএনপি নেতা রহুল আমিন , খোকন খান , যুবদল নেতা আমিনুল ইসলাম , সিরাজুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন , সদস্য সচিব কামরুল হাসান সুমন প্রমূখ উপস্থিত ছিলেন ।

