মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান।
সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার ভূমি কর্মকর্তা সজিব মিয়া, মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মাহ্তাব, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বাদল, সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিবস দু’টি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা প্রয়োজন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে আরও সুন্দর, স্মরণীয় ও অর্থবহ করতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন উপস্থিত সকলে।
উদযাপনকে সফল করতে অনুষ্ঠানে যথাযথ সাজসজ্জা, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের জীবনগাথা নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সংগীত, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মতো কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং মুক্তিযোদ্ধাদের বক্তব্য অনুষ্ঠানে যুক্ত করার প্রস্তাবও উঠে আসে।
বক্তারা বলেন, মনোহরদী উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষণীয় হবে।

