জলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে আছেন—সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত
তবে এখনো ঘোষণা আসেনি সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের প্রার্থীতা। এ আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী কনকচাঁপা।
দলীয় সূত্রে জানা গেছে, কাজিপুর আসনটি বিএনপির শরীক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, দীর্ঘদিন পর নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে দলের মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরা এখন থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ভোটের মাঠে সক্রিয় হচ্ছেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হলে সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।