মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী আব্দুল আলীমের বিরুদ্ধে। শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত পেয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে পেয়ারা খাতুন আব্দুল আলীমকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পরই আব্দুল আলীম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত মানুষ নিহতের বাড়িতে ভিড় করতে থাকে।
নিহতের বাবা হানিফ সরকার ও চাচা রইমউদ্দিন সরকার অভিযোগ করে জানান, প্রথম স্ত্রী থাকা অবস্থায় আত্মহত্যার ভয় দেখিয়ে আলীম পেয়ারা খাতুনকে বিয়ে করতে বাধ্য করেন। বিয়ের পর বিভিন্ন অজুহাতে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা নেন এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। স্থানীয়ভাবে একাধিকবার শালিসবৈঠক হলেও আলীমের লোভ-দাবি থামেনি। অবশেষে টাকা না পেয়ে তিনি মেয়েকে হত্যা করেছেন বলে পরিবারের দাবি।
অভিযুক্ত আব্দুল আলীম পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটিতে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

