৩৫ বছর পর ইতিহাসের রেকর্ড ভেঙে গাজীপুর-১ আসনে জয়ী সাবেক মেয়র মজিবুর রহমান
মোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর, গাজীপুর : দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর গাজীপুর-১ আসনের নির্বাচনী ইতিহাসে আজ নতুন অধ্যায় লিখলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। ভোট গণনা শুরু থেকেই এগিয়ে থাকা তিনি শেষ পর্যন্ত ১ লাখ ৬৩,৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৩,৪৪৯ ভোট। ভোট ব্যবধান স্পষ্ট হওয়ায় এ জয় গাজীপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে। কেন্দ্রের আশেপাশে বিজয় মিছিল, আনন্দ-উল্লাস এবং শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য চোখে পড়ছে। সমর্থকরা বলেন, “এ জয় জনগণের ভালোবাসা, আস্থা এবং প্রত্যাশার প্রতিফলন।”
নির্বাচনের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন পর এই রেকর্ড বিজয় গাজীপুর-১ আসনের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে মজিবুর রহমান এলাকার মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

