মোহাম্মদ আবু সালেহ,নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে হত্যা, বৈষম্যবিরোধী ও অন্যান্য মামলার আসামি এবং বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৩ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
যেভাবে গ্রেপ্তার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রফিকুল ইসলাম তপু, কামাল হোসেন, আবু তাহের ওরফে বেঙ্গা, সাব্বির, মিঠুন, অয়ন, কাউসার ও সুমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া নাসির মাহমুদকে অন্যান্য মামলায়, করিম বাদশাকে বৈষম্যবিরোধী মামলায় এবং মিলনকে পূর্বের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।মাদকসংক্রান্ত মামলায় রাসেল ও ফেকু নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, মাদক ব্যবসা, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

