শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে আগের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্ত ও বিভিন্ন আবেদনের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সমস্যা, মতামত এবং কল্যাণ-সংক্রান্ত বিষয় শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

