মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী তানজিলা খাতুনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (২৫)। তিনি নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে এবং পেশায় গাড়িচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে আব্দুল করিমের বিয়ে হয় সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাছেন আলীর মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে। তবে বিয়ের আগে থেকেই তানজিলার প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সঙ্গে।
বিয়ের পরও প্রেমিক নাহিদ তানজিলার সঙ্গে যোগাযোগ রাখত এবং তাকে স্বামীকে ছেড়ে নিজের সঙ্গে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে তারা করিমকে হত্যার পরিকল্পনা করে। নাহিদ তানজিলাকে একটি গ্যাস ট্যাবলেট সরবরাহ করে এবং সেটি কৃমির ওষুধ বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।
গত সোমবার রাতে তানজিলা সেই ট্যাবলেট করিমকে খাওয়ায়। কিছুক্ষণ পর করিমের পেটে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতালে, পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ তানজিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত করিমের বাড়িতে শোকের মাতম এবং শত শত নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।

