মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীল আয়োজনে প্রাণের ছোঁয়া
মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি :বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও চিন্তাশীল দুটি আয়োজন—“আলোকচিত্রে স্বাধীন বাংলাদেশের গল্প” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং “নববর্ষে নবকণ্ঠ ১৪৩২” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
১৪ এপ্রিল রোববার, দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাব প্রতিনিধিরা। পুরো আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি এবং ডিবেটিং সোসাইটি।
প্রথম পর্বে “আলোকচিত্রে স্বাধীন বাংলাদেশের গল্প” প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের তোলা ছবির মাধ্যমে তুলে ধরেন বাঙালির গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা। নির্বাচিত ছবিগুলো প্রদর্শনের পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ।
দ্বিতীয় পর্বে “নববর্ষে নবকণ্ঠ ১৪৩২” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় স্বল্প প্রস্তুতিতে বক্তৃতা দেন প্রতিযোগীরা। লটারির মাধ্যমে বাছাইকৃত বিষয়গুলোর মধ্যে ছিল—“স্বৈরাচার মুক্ত নববর্ষ”, “আঞ্চলিক বাংলা ভাষা”, “ভাসানীর চোখে বাঙালি সংস্কৃতি” ইত্যাদি সময়োপযোগী ও গভীর চিন্তাধারাসমৃদ্ধ বিষয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় অংশগ্রহণ সনদ।
বক্তব্য, শিল্পচর্চা ও সৃজনশীলতায় পরিপূর্ণ এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে জাগিয়েছে বাঙালিয়ানা ও মুক্তচিন্তার চর্চা। উপস্থিত দর্শকদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ ও প্রশংসা। অংশগ্রহণকারীদের প্রত্যাশা—এমন চিন্তাশীল আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকুক মাভাবিপ্রবিতে।

