ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রবিবার সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে
আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেন।ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। দেশের পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়।

